Logo

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৮:৫৫
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
ছবি: সংগৃহীত

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. শাকিরুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পর অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তার কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক ড. শাকিরুল ইসলাম খান আন্তর্জাতিক অঙ্গনে একজন স্বনামধন্য গবেষক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় যুক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বর্তমানে তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে কর্মরত এবং একইসঙ্গে ‘রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ’-এর সঙ্গে যুক্ত আছেন।

বিজ্ঞাপন

গবেষণা জীবনে তিনি জাপানের এহিমে ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। তার প্রায় ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে।

ড. শাকিরুল ইসলাম খান জনস্বাস্থ্য, সংক্রামক রোগ এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণা পরিচালনা করেছেন। ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড-১৯, নিপাহ ভাইরাসসহ বিভিন্ন উদীয়মান সংক্রামক রোগ নিয়ে তার গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পাশাপাশি পোলট্রি ও গবাদি পশুর উৎপাদন ও সংরক্ষণ বিষয়েও তিনি কাজ করেছেন।

তার শিক্ষাজীবনে তিনি ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৬ সালে জাপানের এহিমে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং ২০০৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি গ্রেড এ+ অর্জন করেন।

বিজ্ঞাপন

পেশাগত জীবনে তিনি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত এহিমে ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গবেষণা ফেলো হিসেবে কাজ করেন এবং মালয়েশিয়াতেও গবেষণা কার্যক্রমে যুক্ত ছিলেন। বাংলাদেশে তিনি দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন এবং বহু শিক্ষার্থীকে গবেষণায় সুপারভাইজ করেছেন।

জানা যায়, তার তত্ত্বাবধানে ৩০ জনেরও বেশি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউ জার্নালে তার ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘গোল্ড মেডেল’সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

বিজ্ঞাপন

নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি, নীতি-সংক্রান্ত কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রকল্প ও কর্মসূচির তদারকিতে ভূমিকা রাখবেন। অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে তিনি এই দায়িত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD