Logo

সব এমপি নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় চাচ্ছেন: শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ২১:০২
সব এমপি নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় চাচ্ছেন: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের সব সংসদ সদস্যই নিজ নিজ এলাকায় সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রায় সব সংসদ সদস্যই নিজ এলাকার উন্নয়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্যদের বক্তব্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বিজ্ঞাপন

বর্তমানে দেশে ৫৭টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার আগামী দিনে শিক্ষার চাহিদা পূরণ এবং একটি শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে আরও বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করছে। তবে তা ধাপে ধাপে ও বাস্তবতা বিবেচনায় করা হবে বলে জানান তিনি।

গফরগাঁওয়ে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক হবে তা ভেবে দেখা প্রয়োজন। এ কারণে তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ জানান।

বিজ্ঞাপন

এর আগে সংসদে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান নিজ এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন। পরে তার প্রস্তাবকে সমর্থন জানিয়ে আরও নয়জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দেন, যার মধ্যে ছয়জন নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় এবং একজন কৃষি কলেজ স্থাপনের দাবি জানান।

শিক্ষামন্ত্রীর অনুরোধের পর সংসদ সদস্য মো. আখতারুজ্জামান তার প্রস্তাব প্রত্যাহার করে নেন। পরে স্পিকার কণ্ঠভোটে বিষয়টি উপস্থাপন করলে উপস্থিত সদস্যরা প্রত্যাহারের পক্ষে মত দেন। শেষ পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি প্রত্যাহার হয়েছে বলে সংসদকে জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD