Logo

সংসদের মাইক ব্যবস্থা সংস্কারে আমেরিকার কোম্পানির আগ্রহ নেই: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ২০:১৪
সংসদের মাইক ব্যবস্থা সংস্কারে আমেরিকার কোম্পানির আগ্রহ নেই: স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে বারবার ত্রুটি দেখা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংসদে স্থাপিত মাইক ব্যবস্থা সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় অধিবেশন চলাকালে সাউন্ড সিস্টেমের আকস্মিক বিভ্রাটের কারণে নির্ধারিত সময়ের কার্যক্রম ব্যাহত হয়। এর আগে বিকেল ৫টা ৫৬ মিনিটে মাইকের সমস্যার কারণে স্পিকার অধিবেশন প্রায় ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন। পরবর্তীতে অধিবেশন পুনরায় শুরু হলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

স্পিকার বলেন, মাইকে সমস্যার সৃষ্টি হওয়ায় তাৎক্ষণিকভাবে কারণ অনুসন্ধানের চেষ্টা করা হয়। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষুব্ধ জনতার একাংশ সংসদ ভবনে প্রবেশ করে আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর করেছিল। সেই ঘটনার পর থেকেই সাউন্ড সিস্টেমে নিয়মিত ত্রুটি দেখা দিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ২০২২ সালে পূর্ববর্তী সরকারের আমলে সংসদ ভবনের অভ্যন্তরে এই সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছিল। তবে এ সংক্রান্ত কোনো ওয়ারেন্টি বা কারিগরি নথিপত্র সংসদ কর্তৃপক্ষের কাছে পাওয়া যাচ্ছে না। বিষয়টিকে তিনি অত্যন্ত অবহেলাজনিত কাজ বলে উল্লেখ করেন।

বিদেশি কোম্পানির ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, যেই প্রতিষ্ঠানটি সাউন্ড সিস্টেম স্থাপন করেছিল, তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা বারবার বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং মেরামতের ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

স্থানীয়ভাবে যারা এ কাজে যুক্ত ছিলেন, তাদের সম্পর্কেও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সংশ্লিষ্ট স্থানীয় প্রযুক্তিগত দলও কখনো অনুপস্থিত থাকে, আবার কখনো দায় এড়িয়ে চলে। ফলে সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে স্পিকার সংসদের সচিবকে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা হিসেবে জাতীয় সংসদে এ ধরনের প্রযুক্তিগত বিভ্রাট অগ্রহণযোগ্য এবং এটি দেশের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে, যাতে ভবিষ্যতে সংসদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD