সংরক্ষিত নারী আসনে দলভিত্তিক বণ্টন চূড়ান্ত, এগিয়ে বিএনপি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা এবং ১২ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আসন বণ্টনের তথ্যও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের ১১তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
তিনি বলেন, আসন বণ্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট সর্বাধিক ৩৬টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী পাচ্ছে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন একটি আসন। জানা গেছে, স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য একজোট হয়ে একটি আসন নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জোট রাজনীতির প্রসঙ্গে আখতার আহমেদ জানান, বিএনপির সঙ্গে আরও তিনটি রাজনৈতিক দল রয়েছে। অপরদিকে জামায়াতের সঙ্গে রয়েছে দুটি দল। তবে বাংলাদেশ খেলাফত মজলিস ও সংসদ সদস্য রুমিন ফারহানা কোনো জোটে যুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন।
এদিকে আসন্ন দুটি সংসদীয় আসনের উপনির্বাচন নিয়েও আশাবাদ ব্যক্ত করেছে নির্বাচন কমিশন। শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পাওয়া গেছে।
বিজ্ঞাপন
সিনিয়র সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি আরও উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের মতোই সংরক্ষিত নারী আসনের নির্বাচনও সমান গুরুত্ব বহন করে।
এ সময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে কমিশনের বর্তমান বৈঠকে কোনো আলোচনা হয়নি এবং এখনো এ সংক্রান্ত কোনো সময়সূচিও নির্ধারণ করা হয়নি।








