Logo

নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অনুমোদন পেল ৬ প্রকল্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৫:৪৮
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অনুমোদন পেল ৬ প্রকল্প
ছবি: সংগৃহীত

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠকে একাধিক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আলোচ্যসূচিতে থাকা প্রকল্পগুলোর মধ্যে সীমিত পরিসরে আলোচনা শেষে ছয়টি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিটি।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান। বৈঠকটি ছিল নতুন কমিটি গঠনের পর প্রথম আনুষ্ঠানিক সভা, যেখানে উন্নয়ন পরিকল্পনা ও ব্যয় পর্যালোচনায় গুরুত্ব দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এদিন মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে মাত্র আটটি প্রকল্প নিয়ে আলোচনা করা সম্ভব হয়। এর মধ্যে ছয়টি প্রকল্প অনুমোদন পায়, আর দুটি প্রকল্প পরবর্তী বৈঠকে আরও পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। বাকি প্রকল্পগুলো আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সভায় আলোচনার জন্য তোলা হবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক আয়োজনের প্রচলন থাকলেও এবার ভিন্নতা দেখা গেছে। পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সভাটি আয়োজন করা হয়। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রধানমন্ত্রীর ব্যস্ততা এবং সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একনেক বৈঠক উপলক্ষে পরিকল্পনা কমিশন এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের কারণে সেই প্রস্তুতির পূর্ণ ব্যবহার হয়নি।

বিজ্ঞাপন

গত ২৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। এতে বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন সরকারের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে এই বৈঠককে গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD