স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না ইভিএম

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সংস্থাটির মতে, বর্তমান পরিস্থিতিতে এই প্রযুক্তি ব্যবহার থেকে আপাতত সরে থাকা হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের ১১তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশন নীতিগতভাবে ‘না’ সিদ্ধান্তে উপনীত হয়েছে। জাতীয় নির্বাচনেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি—সেই ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও একই অবস্থান নেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।
বিজ্ঞাপন
ইভিএম নিয়ে অতীতে ওঠা নানা প্রশ্ন, বিশেষ করে কারচুপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে অনুসন্ধান ও মূল্যায়ন চলছে। দুর্নীতি দমন কমিশন এবং অডিট বিভাগ ইতোমধ্যে কিছু বিষয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি। পাশাপাশি জাতীয় পর্যায়ের সাম্প্রতিক কয়েকটি নির্বাচন নিয়ে যে পর্যালোচনা কার্যক্রম চলছে, তার ফলাফল না আসা পর্যন্ত বিস্তারিত মন্তব্য করা সমীচীন নয় বলে উল্লেখ করেন।
ইভিএমের ভবিষ্যৎ বা এর ব্যবহার নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সচিব জানান, আপাতত এ বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমলাইন নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, সংরক্ষণ ব্যয়সহ ইভিএম-সংক্রান্ত আর্থিক বিষয়গুলোর পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রস্তুত হয়নি, ফলে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা সম্ভব নয়।
বিজ্ঞাপন
ইভিএম ব্যবহার থেকে সরে আসার পেছনে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, চলমান তদন্ত ও পর্যালোচনা প্রতিবেদনগুলো হাতে এলে বিষয়টি পরিষ্কার হবে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, জাতীয় নির্বাচনের সময় যে পদ্ধতি নিয়ে রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে অনাস্থা তৈরি হয়, তা নিয়ে নতুন করে এগোনোর যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় কমিশন আপাতত প্রচলিত পদ্ধতিতেই স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।








