মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে খলিলুর রহমান ২৫ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত মালদ্বীপ সফর করছেন। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।
আলোচনায় মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণের বিষয়গুলো প্রাধান্য পাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়া, দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে সেখান থেকে সরাসরি মালদ্বীপ সফরে যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।








