Logo

রেশম সমগ্র দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১১ এপ্রিল, ২০২৬, ১৪:৪১
রেশম সমগ্র দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রেশম শিল্পকে দেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, রেশম কেবল রাজশাহীর গণ্ডিতে সীমাবদ্ধ নয়—এটি সমগ্র বাংলাদেশের সম্পদ। রেশম আমাদের ঐতিহ্য। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, রেশম শিল্পের উন্নয়ন ও পুনরুজ্জীবনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেশম বোর্ড প্রতিষ্ঠার মাধ্যমে এ খাতের ভিত্তি গড়ে দেন। বর্তমানে রাজশাহী সিল্ককে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, তুঁত চাষের উৎপাদন বৃদ্ধি, তুঁত গাছের মান উন্নয়ন এবং রেশম সুতার গুণগত মান বাড়াতে গবেষণাভিত্তিক কার্যক্রম জোরদার করা হবে। একইসঙ্গে রাজশাহী সিল্কের ঐতিহ্য পুনরুদ্ধার ও সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

রেশম খাত সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কারখানাগুলোতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লুম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ‘সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ’ শীর্ষক এ সভায় খাতসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ। তিনি উপস্থাপনার মাধ্যমে বোর্ডের বর্তমান কার্যক্রম, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সভায় রেশম শিল্পের টেকসই উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD