Logo

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৯:২৫
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল। পহেলা বৈশাখের এই দিনেই কর্মসূচিটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে টাঙ্গাইল সদর উপজেলার শহীদ মারুফ স্টেডিয়ামে, সকাল ১০টায়। এ উপলক্ষে সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত পরিচয় ও সেবার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যেসব উপজেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে সেগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি সেবা, ভর্তুকি ও প্রণোদনা কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কৃষি খাতের তথ্যভিত্তিক ব্যবস্থাপনা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রাথমিক এই কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে ধাপে ধাপে সারাদেশে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD