Logo

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ ধারণাই দেশ থেকে মুছে দেব

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১২ এপ্রিল, ২০২৬, ১৫:১৭
সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ ধারণাই দেশ থেকে মুছে দেব
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব কমিয়ে স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বাজারে ভারসাম্য রক্ষায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রম আরও জোরদার করা হবে এবং অধিক পরিমাণে পণ্য আমদানির মাধ্যমে একটি কার্যকর প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড় এলাকায় প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয় এমন ধারণাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব।

বিজ্ঞাপন

তিনি জানান, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে সরবরাহ ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আমদানি পর্যায় থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়াকে নজরদারির মধ্যে আনা হবে, যাতে কোনো ধরনের কারসাজি দ্রুত শনাক্ত করা যায়।

একইসঙ্গে মাঠপর্যায়ে কৃষক ও ভোক্তার সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে চালু করা হয়েছে ‘কৃষকের হাট’। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকরা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। ফলে কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং ভোক্তারা তুলনামূলক কম দামে তাজা পণ্য কিনতে পারবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট নগরের টিলাগড় এলাকায় প্রতিদিন সকালে এই হাট বসবে। ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় সপ্তাহে অন্তত একদিন করে এমন হাট চালুর পরিকল্পনাও রয়েছে। এতে কৃষিপণ্য সরবরাহ ব্যবস্থায় যে একাধিক স্তর রয়েছে—যেখানে একটি পণ্য চার থেকে পাঁচবার হাতবদল হয়—তা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার ভর্তুকি ব্যবস্থার পুনর্বিন্যাসসহ বিভিন্ন কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সেচ ব্যবস্থার উন্নয়ন এবং খাল পুনঃখননের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে বাঁশিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা জানান, জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত স্থানে এই হাট পরিচালিত হবে। এতে কোনো ধরনের চাঁদাবাজি বা অনাকাঙ্ক্ষিত ব্যয় হওয়ার সুযোগ থাকবে না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD