Logo

মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৬:২৯
মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে দেশটির কাছে বিশেষ বিবেচনার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বিজ্ঞাপন

রোববার সচিবালয়ে মালয়েশিয়া সফর-পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের অবদান বিবেচনায় নিয়ে আলাদা কোনো সুবিধা বা নীতিমালা প্রণয়নের বিষয়ে মালয়েশিয়া ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ বিষয়ে আলোচনার ভিত্তিতে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

তিনি জানান, সফরের সময় মালয়েশিয়ার উচ্চশিক্ষা খাত নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ডিগ্রি ও সার্টিফিকেটের স্বীকৃতি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং গবেষণায় যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এ নিয়ে ভবিষ্যতে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

মাহদী আমিন বলেন, তিন দিনের সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে দ্রুত ও বেশি সংখ্যক কর্মী বিদেশে পাঠানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, মালয়েশিয়া সরকারও স্বীকার করেছে, শ্রমবাজারে খরচ কমানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এবার যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা অতীতে তেমন দেখা যায়নি।

জনশক্তি রপ্তানিকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিদেশে কর্মরত বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে দক্ষ, অদক্ষ ও আধা-দক্ষ—সব শ্রেণির কর্মীদের বিদেশে কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

মাহদী আমিন বলেন, মালয়েশিয়া সফরে উভয় দেশের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব স্পষ্ট হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে যৌথভাবে কাজ করার আশ্বাসও পাওয়া গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD