Logo

ওসি পদায়নে তদবির বন্ধে কঠোর সতর্কবার্তা পুলিশের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৭:১৫
ওসি পদায়নে তদবির বন্ধে কঠোর সতর্কবার্তা পুলিশের
ছবি: সংগৃহীত

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নিয়োগ ও পদায়নকে ঘিরে কোনো ধরনের অনৈতিক তদবির, সুপারিশ বা প্রভাব বিস্তারের চেষ্টা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগম।

তিনি জানান, এর আগে গত ১০ এপ্রিল জারি করা এক নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল— থানার ওসি পদে নিয়োগ ও পদায়নের সম্পূর্ণ ক্ষমতা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) হাতে ন্যস্ত। এ প্রক্রিয়ায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কোনো প্রশাসনিক সম্পৃক্ততা নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রচলিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী জেলার পুলিশ সুপাররা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং সংশ্লিষ্ট এলাকার প্রয়োজন বিবেচনা করেই ওসি পদে পদায়ন করে থাকেন। কিন্তু এত স্পষ্ট ব্যাখ্যার পরও কিছু ব্যক্তি ও গোষ্ঠী ঢাকা রেঞ্জের বিভিন্ন থানায় ওসি নিয়োগে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে তদবির ও সুপারিশ করার চেষ্টা করছেন।

এছাড়াও, কিছু অসাধু চক্র ও দালাল বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে কিংবা প্রভাবের আশ্বাস দিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠে এসেছে।

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদবির কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে ওসি পদায়নে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনিক শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বলা হয়েছে, অনৈতিক তদবির থেকে বিরত থেকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD