একযোগে পদত্যাগ করলেন মানবাধিকার কমিশনের সব সদস্য

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক আইনগত পরিবর্তনের প্রেক্ষিতে বর্তমান কমিশনের কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সদস্যরা সম্মিলিতভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
পদত্যাগের পর কমিশনের সদস্যরা গণমাধ্যমে একটি খোলাচিঠিও পাঠিয়েছেন। চিঠিতে তারা তাদের অবস্থান, দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। বিলে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনের পর গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে।
এই আইনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সংসদে বিলটি পাসের সময় বিরোধী দলের আপত্তি থাকলেও তা নাকচ করা হয়। নতুন আইনি কাঠামোর ফলে কমিশনের গঠন ও কার্যক্রমে পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








