‘কৃষক কার্ড’ উদ্বোধন করতে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য নতুন সুবিধা চালুর লক্ষ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বিজ্ঞাপন
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ৮টায় সড়কপথে ঢাকা থেকে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছে তিনি সন্তোষ এলাকায় অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে সেখানে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন এবং কর্মসূচির লক্ষ্য ও সম্ভাবনা তুলে ধরবেন।
বিজ্ঞাপন
দুপুর সোয়া ১২টায় টাঙ্গাইল পৌর উদ্যানে অনুষ্ঠিত কৃষিমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেলায় কৃষি খাতে নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং বিভিন্ন কৃষিপণ্যের প্রদর্শনী আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে টাঙ্গাইলে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি জোরদার করেছে। অনুষ্ঠানস্থল সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
এদিকে সফরের আগে সার্বিক প্রস্তুতি পরিদর্শনের জন্য টাঙ্গাইলে গেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ। সংশ্লিষ্টরা আশা করছেন, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের জন্য সরকারি সহায়তা ও বিভিন্ন সেবা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে, যা দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








