আজ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ টাঙ্গাইলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেন তিনি। সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে।
সফর উপলক্ষে শহীদ মারুফ স্টেডিয়াম, পৌর উদ্যান এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সজ্জিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয় রয়েছে।
সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলে পৌঁছে প্রথমে ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে কৃষক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। পরে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন।
বিজ্ঞাপন
জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, এ উদ্যোগের খবরে প্রান্তিক কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এ অনুষ্ঠানে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের মধ্য থেকেই কিছু কৃষকের হাতে উদ্বোধনী দিনে কার্ড তুলে দেওয়া হবে।
বিজ্ঞাপন
কৃষিনির্ভর অর্থনীতিতে কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ কার্যক্রমকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।








