জনগণের ভাগ্য উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়ে একটি উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার।
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত। প্রায় প্রতিটি পরিবারেই কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই কৃষকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে, যাতে অতিরিক্ত বন্যার পানি সংরক্ষণ করে ভবিষ্যতে ব্যবহার করা যায়। পাশাপাশি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
তারেক রহমান জানান, নারী প্রধান পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে পাইলট প্রকল্প শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এই সুবিধা সারাদেশে সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।








