বিগত সরকার কোষাগারে কোনো টাকা রেখে যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। বিগত সরকার সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। আমরা বিচলিত হয়ে পড়েছিলাম। কিন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতায় ও তার নির্দেশনায় আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছি।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্কে আয়োজিত দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
শিশুস্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের অনেক শিশুই পুষ্টিহীনতায় ভুগছে। শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর করলে চলবে না, সচেতনতার বিকল্প নেই। তিনি মায়ের দুধকে শিশুর জন্য সবচেয়ে কার্যকর পুষ্টি ও প্রতিরোধমূলক উপাদান হিসেবে উল্লেখ করেন। অনেক মা বিভিন্ন কারণে শিশুদের বুকের দুধ খাওয়ান না বলে উল্লেখ করে তিনি এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
বিজ্ঞাপন
এসময় স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর অনুরোধের প্রেক্ষিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০-এ উন্নীত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী বাজেটে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি ডা. রাজেশ নরওয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মারজানুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা।








