Logo

৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট দ্রুত ইস্যু করার তাগিদ সৌদির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১৫:৪৩
৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট দ্রুত ইস্যু করার তাগিদ সৌদির
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার জন্য বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ অনুরোধ জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা ছাড়াও সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, জ্বালানি ও পর্যটন খাতে সম্ভাব্য বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। আলোচনার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সহযোগী দেশ। দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি ছাড়াও জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব খাতে সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়ে রাষ্ট্রদূতের তাগিদের প্রেক্ষিতে মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। অবশিষ্টদের জন্য প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ থেকে বিশেষ টিমও পাঠানো হয়েছে।

এ সময় মন্ত্রী স্পষ্টভাবে বলেন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। যেসব মিয়ানমার নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন বা বৈধ নথিপত্র রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সৌদি আরব থেকে একটি পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করা হবে।

বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। জবাবে মন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে আগামী জুলাইয়ের প্রথমার্ধে সফরের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD