শাহজালাল বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

দেশের আকাশপথ ব্যবস্থাপনাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি)।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
সোমবার (২০ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন করেন মিজু আফরোজা খানম, তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই কেন্দ্র চালুর ফলে আকাশপথে ফ্লাইট পরিচালনা আরও সুশৃঙ্খল ও নির্ভুল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে ফ্লাইটের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং আকাশসীমার ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি কমিয়ে এনে যাত্রী ও উড়োজাহাজ চলাচলে বাড়তি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
এছাড়া উন্নত প্রযুক্তির মাধ্যমে আকাশপথে চলাচলকারী বিমানগুলোর সার্বক্ষণিক নজরদারি ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে। এতে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ সহজ হবে এবং বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সমন্বয় আরও জোরদার হবে।
বিশেষজ্ঞদের মতে, এই আধুনিক ব্যবস্থাপনা কেন্দ্র চালুর ফলে দেশের আকাশসীমার কৌশলগত গুরুত্ব বাড়বে। পাশাপাশি বিদেশি উড়োজাহাজের চলাচল বাড়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে।








