দেশে জ্বালানি সংকটের জন্য বিগত সরকার দায়ী: তথ্যমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের নীতিগত দুর্বলতাকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের গ্যাসসম্পদ থাকা সত্ত্বেও সঠিক পরিকল্পনার অভাবে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) বরিশালের আগউলঝারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করে বলেন, আগের সরকার সীমিত ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশীয় গ্যাস উত্তোলনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বরং তারা জ্বালানি আমদানিনির্ভর একটি কাঠামো তৈরি করেছিল। যদি দেশীয় গ্যাস উৎপাদন সক্ষমতা বাড়ানো হতো, তাহলে আন্তর্জাতিক সংকট, বিশেষ করে হরমুজ প্রণালি-সংক্রান্ত অস্থিরতার প্রভাব এভাবে পড়ত না।
বিজ্ঞাপন
বর্তমান সরকার রাষ্ট্র ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে চায় বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার না আনলে চলমান সংকট থেকে জনগণকে মুক্তি দেওয়া সম্ভব হবে না।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনসেবা তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন না থাকে, সেটি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ক্ষমতা কেবল দখলের জন্য নয়, বরং জনগণের কল্যাণে ব্যবহারের লক্ষ্যে রাজনীতি করা উচিত। রাষ্ট্রকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।
এদিকে, টিকাদান কর্মসূচি প্রসঙ্গে জানানো হয়, বরিশালের আটটি উপজেলায় মোট ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৮ হাজারের বেশি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। চলতি বছরে বরিশাল বিভাগে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।








