‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে তেল পাবেন আরও ১৯ জেলার চালকরা

দেশে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চালু করা ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের কার্যক্রম আরও বিস্তৃত করেছে সরকার। শুরুতে রাজধানীকেন্দ্রিক এ সেবা এবার দেশের আরও ১৯টি জেলায় চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, দেশব্যাপী ধাপে ধাপে ‘ফুয়েল পাস’ ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে নতুন করে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রামে নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
এর ফলে এসব জেলার যানবাহন মালিক ও চালকরা এখন থেকে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপে নিবন্ধন করে জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট ও বাজারের অস্থিরতার মধ্যে দেশে তেল সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এ উদ্যোগের মাধ্যমে তেল বিক্রি ও ব্যবহারের তথ্য সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা, ঢাকা মহানগর, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, বরিশাল, বরিশাল মহানগর, খুলনা, খুলনা মহানগর, রাজশাহী, রাজশাহী মহানগর এবং ময়মনসিংহে ‘ফুয়েল পাস বিডি’ নিবন্ধন চালু করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলা ও মহানগরে এই সেবা সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে জ্বালানি বিতরণে অনিয়ম কমে আসবে এবং সঠিক তথ্যভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।








