Logo

জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২০ এপ্রিল, ২০২৬, ১৯:৫২
জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণের দেওয়া ম্যান্ডেটকে সামনে রেখে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে তাদের ঘোষিত পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি, আসুন আমরা শপথ করি- সেই শপথ হবে প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেশের মানুষের বাকস্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং ভোটাধিকার হরণ করা হয়েছিল। এ সময়কালে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে আন্দোলন গড়ে তোলে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এলে পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং স্বৈরশাসনের অবসান হয়।

তিনি আরও বলেন, দেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া ভোট ও মতপ্রকাশের অধিকার পুনরুদ্ধার করেছে। অতীত সময়ে উন্নয়নের নামে বড় বড় প্রকল্পের আড়ালে দুর্নীতি এবং অর্থ পাচারের ঘটনাও জনগণ প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব বিএনপির হাতে তুলে দিয়েছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার গঠনের পর বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যে বগুড়ার গাবতলীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হয়েছে। এতে দেশের প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

এছাড়া মসজিদ, এতিমখানা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানজনক ভাতা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, জলাবদ্ধতা ও খরার সমস্যা সমাধানে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের তরুণদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে, যাতে স্বল্প খরচে তারা চাকরি পেতে পারে। খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক খবর পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেষে তিনি বলেন, জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD