Logo

হজযাত্রা : জেদ্দায় পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ জন বাংলাদেশি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ২২:০১
হজযাত্রা : জেদ্দায় পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ জন বাংলাদেশি
ফাইল ছবি

চলতি বছরের হজ মৌসুমকে ঘিরে ইতোমধ্যে সৌদি আরবে যাত্রা শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। এখন পর্যন্ত মোট ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৫৭ জন এবং বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাসের আটটি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী গন্তব্যে পৌঁছেছেন।

তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন মেডিকেল সেন্টার কাজ করছে। এখন পর্যন্ত এসব কেন্দ্রে ২৫টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ৬৩০টি সেবা সহায়তা দেওয়া হয়েছে, যা হজযাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

হজ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হজকালীন এবং হজ-পরবর্তী সময়েও যেন বাংলাদেশি হজযাত্রীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে মোট ২০৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি ফ্লাইট, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রতিবছর বিশ্বের অন্যতম বৃহৎ হজযাত্রী প্রেরণকারী দেশের মধ্যে অন্যতম। চলতি বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

পরিবহন ব্যবস্থাপনায়ও বড় পরিসরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট হজযাত্রীর প্রায় অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে পরিবহন করা হবে, আর বাকিরা সৌদিয়া ও ফ্লাইনাসের ফ্লাইটে সৌদি আরবে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হলে ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD