অধিবেশন চলাকালে কিছু খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে দীর্ঘদিন ধরেই একটি অলিখিত নিয়ম অনুসরণ করা হয়—অধিবেশন চলাকালে সেখানে কোনো ধরনের খাওয়া-দাওয়া করা যায় না। সংসদ সদস্যদের জন্য নির্ধারিত এই আচরণবিধির আওতায় চা-পান বা অন্য কোনো ভোজনও নিরুৎসাহিত করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত অধিবেশনে এমনই একটি ঘটনা নজরে আসে স্পিকারের। অধিবেশন পরিচালনার সময় নিজের আসন থেকে তিনি দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন। বিষয়টি চোখে পড়তেই তিনি মাইক্রোফোনে সংশ্লিষ্ট সদস্যের নাম উল্লেখ না করে জানতে চান, তিনি কী খাচ্ছেন। একই সঙ্গে প্রশ্ন তোলেন, তিনি চা পান করছেন কিনা।
জবাবে ওই সংসদ সদস্য জানান, তিনি শুধু গরম পানি পান করছেন। তবে এ উত্তরে সন্তুষ্ট না হয়ে স্পিকার খানিকটা বিরক্তির সুরে মন্তব্য করেন, “পরে আরও কী খাবেন, গড নোজ।”
বিজ্ঞাপন
তবে কে সেই সংসদ সদস্য, টিভি ক্যামেরা সেদিকে না ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
সংসদের কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে খাওয়া-দাওয়া সরাসরি নিষিদ্ধ উল্লেখ না থাকলেও, ৩১১ নম্বর বিধিতে বলা হয়েছে—সংসদ কক্ষটি কেবল সংসদের বৈঠকের কাজেই ব্যবহার করা যাবে। যেহেতু খাওয়া-দাওয়া সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ নয়, তাই এটি ওই বিধির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বাস্তবেও এমন রেওয়াজ দেখা যায় না সংসদে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের ভেতরে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিদের জন্য আলাদা ক্যাফেটেরিয়া ও ডাইনিং সুবিধা রয়েছে, যেখানে তারা নির্ধারিতভাবে খাবার গ্রহণ করতে পারেন।








