উপজেলা পরিষদে অফিস কক্ষ পাচ্ছেন এমপিরা, জিও জারি

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশনা জারি করেছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে সরকারি আদেশ (জিও) পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকারের কাছ থেকে ফ্লোর নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
আরও পড়ুন: আবারও আগের পোশাকেই ফিরছে পুলিশ
তিনি বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী জানান, উপজেলা পরিষদের বিদ্যমান অবকাঠামো—নতুন বা পুরাতন ভবন—যেখানে যেমন সুযোগ আছে, সেখানেই সংসদ সদস্যদের বসার জন্য একটি নির্দিষ্ট কক্ষ প্রস্তুত করা হবে। এই কক্ষে সংযুক্ত বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র রাখা হবে, যাতে এমপিরা স্বাচ্ছন্দ্যে তাদের দাপ্তরিক কাজ পরিচালনা করতে পারেন।
তবে প্রচলিত বিধিমালায় সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এ কক্ষের নাম রাখা হয়েছে ‘পরিদর্শন কক্ষ’। এখানেই এমপিরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, মতবিনিময় এবং এলাকার বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে কাজ করতে পারবেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই তার জন্য পৃথকভাবে এমন কক্ষের ব্যবস্থা করা হবে। এতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সহজ হবে এবং জনগণের সঙ্গে প্রতিনিধিদের যোগাযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগ বাস্তবায়নের নির্দেশনা দেওয়ায় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সংসদ সদস্যদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি এমপিদের নিজ নিজ এলাকায় দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কক্ষ প্রস্তুতের কাজ সম্পন্ন করার আহ্বান জানান।








