Logo

জমা পড়েছে ৫৩টি মনোনয়নপত্র, বুধবার থেকে শুরু যাচাই-বাছাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ২১:১১
জমা পড়েছে ৫৩টি মনোনয়নপত্র, বুধবার থেকে শুরু যাচাই-বাছাই
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৫৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা গ্রহণ শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

তিনি জানান, জমা পড়া মনোনয়নগুলোর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে এসেছে ৩৬টি আবেদন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট জোট থেকে জমা হয়েছে ১৩টি। এছাড়া স্বতন্ত্র জোটের পক্ষ থেকে সুলতানা জেসমিন নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দল বা জোটের বাইরে আরও তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে আবেদন করেছেন— শাম্মা আক্তার, মোসাম্মদ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২২ এপ্রিল বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রক্রিয়া চলবে।

যাচাই-বাছাই শেষে কোনো প্রার্থী সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। সেই আপিলগুলো ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি করা হবে।

এছাড়া তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। পরদিন ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও জাতীয় সংসদ নির্বাচনের নিয়মই প্রযোজ্য হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী জমা দেওয়া নথিপত্র যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রজাতন্ত্রের লাভজনক পদে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে অবসর বা পদত্যাগের পর নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়েছে কিনা, সেটিও আরপিওর বিধান অনুসারে যাচাই করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD