Logo

৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১২:৪৬
৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
ছবি: সংগৃহীত

চলতি বোরো মৌসুমে আগামী ৩ মে থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ বছর মোট ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা দরে, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

সংগ্রহ কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও গম কেনা হবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সরকারি গুদামে বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে জানানো হয়, দেশে এখন প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল সংরক্ষিত আছে।

বিজ্ঞাপন

এ মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল সংগ্রহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, আগের বছরও একই দামে বোরো ধান ও চাল সংগ্রহ করা হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD