প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন এস এম জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন জনস্বাস্থ্য ও পুষ্টি খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ এস এম জিয়াউদ্দিন হায়দার। তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি প্রতিমন্ত্রীর সমমর্যাদা, নির্ধারিত বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য খাতে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা রয়েছে ড. জিয়াউদ্দিন হায়দারের। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্ব ব্যাংক-এ তিনি সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি দেশের রাজনীতিতেও সক্রিয় ছিলেন—বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তার সম্পৃক্ততা ছিল।
ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা হরমুজ আলী ছিলেন সরকারের একজন সিনিয়র সহকারী সচিব। ছাত্রজীবনে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রায় ৩৫টি দেশে স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়ন খাতে তিন দশকের বেশি সময় কাজ করেছেন ড. হায়দার। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সিনিয়র বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ করেন। এরপর তিনি ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবেও যুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
শিক্ষাজীবনে তিনি ১৯৮৮ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় স্নাতকোত্তর এবং উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও মহামারিবিদ্যায় পিএইচডি সম্পন্ন করেন।
স্বাস্থ্যখাতে তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নীতিনির্ধারণী পর্যায়ের সম্পৃক্ততা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








