এ বছরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চলতি বছরের শেষ নাগাদ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, টার্মিনালটি উদ্বোধনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এটি যাত্রীসেবায় উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অতীত কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে প্রতিষ্ঠানটি লোকসানের মুখে না পড়ে, সে লক্ষ্যেই বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন ও ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল ব্যবহারের চিন্তাভাবনা চলছে।
আরও পড়ুন: বাড়ানো হলো বাসের ভাড়া
তিনি আরও বলেন, দেশের পর্যটন খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দেশীয় পর্যটকরা বিদেশমুখী না হয়ে দেশের ভেতরেই ভ্রমণে আগ্রহী হন। একই সঙ্গে এসব পর্যটন কেন্দ্রকে অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলার লক্ষ্যেও পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।








