সরকার-বিরোধী দল নিয়ে যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে দেওয়া এ প্রস্তাব অনুযায়ী, উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে, যা জ্বালানি খাতের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সম্ভাব্য কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব করেন। একই সঙ্গে সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নামও উপস্থাপন করেন এবং বিরোধী দলকে তাদের পক্ষ থেকে পাঁচজন সদস্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট এখন শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের যৌথ উদ্যোগে কাজ করা প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া যেকোনো বাস্তবসম্মত প্রস্তাব সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং তা কার্যকর করার উদ্যোগ নেবে।
এর আগে, বুধবার সংসদে দেশের জ্বালানি সংকট ও জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে একটি নোটিশ দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ওই আলোচনায় তিনি সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে একটি ‘কমন কমিটি’ গঠনের প্রস্তাব দেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সংসদে যৌথ কমিটি গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরেন।
সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাবিত সদস্যরা হলেন— ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২) এবং মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর-৩)।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী সংসদের স্পিকারের মাধ্যমে বিরোধীদলীয় নেতাকে দ্রুত সদস্যদের নাম প্রস্তাব করার অনুরোধ জানান, যাতে কমিটি দ্রুত কাজ শুরু করতে পারে।
প্রস্তাবের জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিজ্ঞাপন
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সংসদীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং জাতীয় স্বার্থে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। বিরোধী দল শিগগিরই তাদের পাঁচ সদস্যের নাম জমা দেবে।
অধিবেশন পরিচালনাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কমিটির কাঠামো নিয়ে আলোচনা করে সভাপতির প্রয়োজনীয়তার বিষয়টি উত্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী পুনরায় ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করার প্রস্তাব দেন, যাতে কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের সুযোগ পায়।
স্পিকার আশা প্রকাশ করেন, সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার আগেই বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম দেওয়া হবে। তিনি বলেন, সরকার ও বিরোধী দল যদি এভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যায়, তবে দেশের যেকোনো বড় সমস্যা সমাধান করা সম্ভব।








