Logo

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৬, ১২:২৪
সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে ইতোমধ্যে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই সংখ্যার তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

ধর্ম মন্ত্রণালয়ের হজসংক্রান্ত বিশেষ বুলেটিনে জানানো হয়, আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী শুক্রবার রাত ৩টা পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৬৮৪ জন।

অন্যদিকে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া) পরিচালিত ৩০টি ফ্লাইটে ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হলেন- টাঙ্গাইলের সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল।

টাঙ্গাইলের মো. আবুল কাশেম সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল স্বাভাবিকভাবে মক্কায় মারা যান বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। এ ফ্লাইট পরিচালনা শেষ হবে আগামী ২১ মে।

পরবর্তীতে ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD