Logo

রাজধানীতে এখনো আগের ভাড়াতেই চলছে গণপরিবহন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১৮:০৬
রাজধানীতে এখনো আগের ভাড়াতেই চলছে গণপরিবহন
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। সেই অনুযায়ী দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করার পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হলেও রাজধানীতে এখনো আগের ভাড়াতেই গণপরিবহন চলাচল করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর শ্যামলী, কারওয়ান বাজার, ফার্মগেট ও আগারগাঁও এলাকা ঘুরে পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। যাত্রীদের দাবি, এখনো কোনো বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।

মিরপুর থেকে পল্টনগামী এক যাত্রী জানান, আগের মতোই ভাড়া নেওয়া হয়েছে, কোনো বাড়তি চাপ পড়েনি। একই অভিজ্ঞতার কথা বলেন শেওড়াপাড়া থেকে আসা আরেক যাত্রী, যিনি ফার্মগেটে নেমেছেন—তার কাছ থেকেও আগের নির্ধারিত ভাড়াই নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কারওয়ান বাজার এলাকায় কথা বলা এক যাত্রী বলেন, আগারগাঁও থেকে আসার সময়ও আগের ভাড়াই নেওয়া হয়েছে, অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো ঝামেলা হয়নি।

পরিবহন শ্রমিকরাও জানান, এখনো নতুন ভাড়া কার্যকর হয়নি। এক বাসচালকের সহকারী বলেন, আগের ভাড়ায়ই যাত্রী তোলা হচ্ছে। তবে তেলের দাম বাড়ায় প্রতিদিন প্রায় এক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হচ্ছে, ফলে আয়-ব্যয়ে চাপ তৈরি হয়েছে।

অন্য এক পরিবহন কর্মী জানান, মালিকপক্ষ থেকে এখনো নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়নি। তাই আগের ভাড়াতেই গাড়ি চলছে। তবে তেলের খরচ বাড়ায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় হচ্ছে।

বিজ্ঞাপন

আরেক সহকারী জানান, মিরপুর থেকে কারওয়ান বাজার রুটে আগে যে ভাড়া ছিল, এখনো সেটিই নেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে, কিছু পরিবহনকর্মীর অভিযোগ—যেখানে নির্ধারিত ভাড়া বেশি, সেখানে অনেক যাত্রী উল্টো কম ভাড়া দেওয়ার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বাসভাড়া সমন্বয় করে। নতুন হিসেবে মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা এবং আন্তজেলা রুটে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও আশপাশের এলাকায় ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা রাখা হয়েছে।

যদিও ভাড়া বৃদ্ধির ঘোষণা এসেছে, বাস্তবে এখনো রাজধানীর সড়কে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD