রাজধানীর সড়কে এখনো বাসের সংকট, চলছে আগের ভাড়াতেই

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার গণপরিবহনের ভাড়া সমন্বয়ের ঘোষণা দিলেও রাজধানীর সড়কে এখনো তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। তবে নতুন ভাড়ার তালিকা কার্যকর না হওয়ায় এখনো যাত্রীদের কাছ থেকে আগের ভাড়াই নিচ্ছে অধিকাংশ বাস।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর প্রগতি সরণি, রামপুরা, বাড্ডা ও নতুন বাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কে আগের তুলনায় বাসের উপস্থিতি অনেকটাই কম। নির্দিষ্ট বিরতিতে এক-দুটি বাস চলাচল করছে, ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আগে যেখানে একাধিক বাস একসঙ্গে চলাচল করত, এখন সেই চিত্র প্রায় অনুপস্থিত।
যাত্রীদের অভিযোগ, জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতির অবনতি হয়েছে। বাস কম থাকায় প্রতিটি যানবাহনে অতিরিক্ত যাত্রী উঠছে। অনেক ক্ষেত্রে বাস থামলেও ভিড়ের কারণে ওঠা সম্ভব হচ্ছে না। বিশেষ করে অফিস সময়গুলোতে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছে।
বিজ্ঞাপন
রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের এক কন্ডাক্টর জানান, এখনো যাত্রীদের কাছ থেকে আগের ভাড়াই নেওয়া হচ্ছে। নতুন ভাড়ার চার্ট হাতে না পাওয়ায় ভাড়া বাড়ানোর সুযোগ নেই। একই ধরনের তথ্য দিয়েছেন রাইদা পরিবহনের আরেক কন্ডাক্টরও। তার ভাষায়, নতুন ভাড়ার তালিকা ছাড়া বেশি ভাড়া চাইলে যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্ক তৈরি হচ্ছে।
শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মেরুল বাড্ডা যাতায়াত করতে হয় তাকে। এখনো শিক্ষার্থীদের কাছ থেকে আগের মতোই ১৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তবে বাস কম থাকায় প্রায়ই ক্লাসে দেরি হয়ে যাচ্ছে।
আরেক যাত্রী সুমাইয়া আক্তার জানান, আগে যেখানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বাস পাওয়া যেত, এখন সেখানে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ভিড় এত বেশি যে অনেক সময় বাসে ওঠাও সম্ভব হয় না।
বিজ্ঞাপন
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের সংকটের কারণে বাসে তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে প্রতিদিনের ট্রিপ সংখ্যা কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সড়কে বাসের উপস্থিতিতে।
এদিকে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভাড়াও সমন্বয় করা হবে। তিনি বলেন, এজন্য ঘন ঘন বৈঠকের প্রয়োজন হবে না; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করলেই নতুন ভাড়া কার্যকর হবে।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও দীর্ঘদিন দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ভর্তুকির চাপ বৃদ্ধি এবং জ্বালানি পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে অবশেষে সীমিত পরিসরে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থ ও রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।








