Logo

ফুয়েল পাসে ফিরেছে স্বস্তি, পেট্রোল পাম্পে কমেছে দীর্ঘ লাইন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ১৫:২৪
ফুয়েল পাসে ফিরেছে স্বস্তি, পেট্রোল পাম্পে কমেছে দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত

রাজধানীর জ্বালানি তেল পাম্পগুলোতে কয়েকদিন আগেও যে দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তি ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। নতুন চালু হওয়া ‘ফুয়েল পাস’ ব্যবস্থা গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এর ফলে একবারে তুলনামূলক বেশি পরিমাণ জ্বালানি সংগ্রহ করা সম্ভব হচ্ছে, যা কয়েকদিন ব্যবহার করা যায়। ফলে বারবার পাম্পে যাওয়ার প্রয়োজন কমে গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, আগে যেখানে একটি পাম্পে জ্বালানি নিতে ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো, এখন সেই সময় কমে দাঁড়িয়েছে মাত্র ১ থেকে ২ ঘণ্টায়। এতে পাম্পগুলোতে যানবাহনের চাপ এবং লাইনের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সরকারি ছুটির কারণে ডিপো থেকে নতুন করে জ্বালানি সরবরাহ না আসায় কয়েকটি পাম্পে সীমিত মজুদ থেকে তেল বিক্রি করা হয়েছে। কোনো কোনো পাম্প দুপুর ১টা পর্যন্ত, আবার কিছু পাম্প বিকেল ৩টা পর্যন্ত মজুদ থাকা তেল সরবরাহ করেছে। এরপর মজুদ শেষ হয়ে গেলে বিক্রি বন্ধ রাখতে হয়েছে।

বিজ্ঞাপন

রমনা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী সোহাগ জানান, শুক্রবার ডিপো থেকে কোনো জ্বালানি বহনকারী গাড়ি না আসায় আগের দিনের মজুদ দিয়েই দুপুর পর্যন্ত সরবরাহ চালানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরদিন থেকে নতুন সরবরাহ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

একই চিত্র দেখা গেছে শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টারে। সেখানে সকালবেলায় ভিড় তুলনামূলক কম থাকলেও দুপুরের পর চাপ কিছুটা বেড়েছে। তবে লাইনের গতি আগের চেয়ে অনেক দ্রুত ছিল।

জ্বালানি নিতে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী জানান, আগে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হলেও এখন অনেক কম সময়েই জ্বালানি পাওয়া যাচ্ছে। তার অভিজ্ঞতায়, আগে যেখানে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল, এবার মাত্র এক ঘণ্টার মধ্যেই তিনি তেল সংগ্রহ করতে পেরেছেন।

বিজ্ঞাপন

পাম্পসংশ্লিষ্টরা বলছেন, চাহিদা প্রায় একই থাকলেও ‘ফুয়েল পাস’ চালুর ফলে গ্রাহকরা একবারে বেশি পরিমাণ তেল নিচ্ছেন। ফলে প্রতিদিন একই গ্রাহকের বারবার পাম্পে আসার প্রয়োজন পড়ছে না। এতে সামগ্রিক চাপ কমেছে।

সোনার বাংলা পাম্পে দেখা গেছে, মজুদ শেষ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগের মতো বিশৃঙ্খল পরিস্থিতি এখন আর নেই।

বিজ্ঞাপন

এ বিষয়ে তালুকদার ফিলিং স্টেশনের হিসাবরক্ষক বিমল কৃষ্ণ মৃধা বলেন, ফুয়েল পাস ব্যবস্থার কারণে গ্রাহকরা এখন একবারে ১,০০০ থেকে ১,২০০ টাকার জ্বালানি নিতে পারছেন। এতে তাদের দুই থেকে তিনদিন চলে যাচ্ছে। ফলে পাম্পে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হচ্ছে।

তবে এই ব্যবস্থাকে ঘিরে কিছু অসন্তোষও রয়েছে। অনেক গ্রাহকের অভিযোগ, ফুয়েল পাস ছাড়া নির্ধারিত সীমার বেশি জ্বালানি পাওয়া যাচ্ছে না। এতে জরুরি প্রয়োজনে কাঙ্ক্ষিত পরিমাণ তেল সংগ্রহে সমস্যা হচ্ছে। অন্যদিকে, পাসধারীরা তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছেন।

পাম্প মালিকরা বলছেন, ব্যাংক ও ডিপো পুনরায় চালু হলে এবং নতুন জ্বালানি সরবরাহ শুরু হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। তাদের আশা, ‘ফুয়েল পাস’ ব্যবস্থাপনা কার্যকর থাকলে ভবিষ্যতে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD