তরুণদের প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) সকালে বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা জানান।
ড. মাহদী আমিন বলেন, মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর জন্য ভ্যাকসিন উন্নয়নের লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে। এই ক্ষেত্রে বায়োটেকনোলজি বা জৈবপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: খেলাধুলা না করলে পড়াশোনাও হয় না: প্রধানমন্ত্রী
ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়াতে বায়োটেকনোলজি খাতের উন্নতি এখন সময়ের দাবি।
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে ড. মাহদী আমিন বলেন, চলমান কারিকুলামে ব্যবহারিক শিক্ষার অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানে বড় ডিগ্রি নিলেও কর্মজীবনে তেমন ভূমিকা রাখতে পারছেন না। আবার যারা দক্ষ হয়ে উঠছেন, তাদের একটি বড় অংশ দেশের বাইরে চলে যাচ্ছেন।
তিনি আরও বলেন, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দক্ষ জনশক্তির সরাসরি সংযোগ না থাকায় কর্মসংস্থানে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের মেধাকে সরকারি সহযোগিতার মাধ্যমে কাজে লাগাতে হবে এবং গবেষণার জন্য আলাদা সেল তৈরি করতে হবে।
আরও পড়ুন: ফুয়েল পাসে ফিরেছে স্বস্তি, পেট্রোল পাম্পে কমেছে দীর্ঘ লাইন
পরিবেশ রক্ষা এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
কর্মশালায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে উচ্চ হারে কর এবং আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হিসেবে কাজ করছে। তারা এসব সমস্যা দূর করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।








