Logo

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ১৭:২৭
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
রুমি এ হোসেন | ফাইল ছবি

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান ও বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন। দীর্ঘদিন শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগকে সংস্থার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বিমান পরিচালনা পর্ষদে বিভিন্ন খাত থেকে অভিজ্ঞ চারজন প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন গঠিত পরিচালনা পর্ষদে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিচালকদের মধ্যে রয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান।

বিজ্ঞাপন

এছাড়াও পর্ষদে স্থান পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ এবং চৌধুরী অ্যান্ড ল ফার্মের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।

একাডেমিক অঙ্গন থেকেও প্রতিনিধিত্ব রয়েছে; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া পদাধিকারবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদও পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পূর্ববর্তী চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন পদত্যাগ করার পর থেকে দীর্ঘ সময় ধরে পদটি শূন্য ছিল। নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে সংস্থাটির কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD