Logo

রিজওয়ান রশিদের তৈরি ‘গো-কার্ট’ চালিয়ে মুগ্ধ প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ১৭:৫৯
রিজওয়ান রশিদের তৈরি ‘গো-কার্ট’ চালিয়ে মুগ্ধ প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি গো-কার্ট চালিয়ে তরুণ উদ্ভাবকের সৃজনশীলতাকে স্বীকৃতি ও উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে এমন প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে অংশ নেন তরুণ উদ্যোক্তা রিজওয়ান রশিদ। এ সময় তিনি নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। যানটি গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নিজেই সেটি চালিয়ে দেখেন, যা উপস্থিতদের দৃষ্টি কাড়ে।

নিজের তৈরি গাড়ি প্রধানমন্ত্রী চালিয়েছেন—এ অভিজ্ঞতায় উচ্ছ্বসিত রিজওয়ান রশিদ বলেন, এটি তার জন্য এক অনন্য অনুপ্রেরণা। তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিজেই গো-কার্ট চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।

বিজ্ঞাপন

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে রিজওয়ানের তৈরি গো-কার্টটি সম্প্রতি ব্যাপক আলোচনায় আসে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে গেলে তিনি বিস্তারিত খোঁজ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং সরাসরি তার উদ্ভাবন দেখার সুযোগ তৈরি হয়।

সাক্ষাৎকালে রিজওয়ান তার গো-কার্ট তৈরির পেছনের গল্প তুলে ধরেন। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা প্রকৌশলী, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার উৎসাহেই তিনি এ কাজে আগ্রহী হন। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা শেষে অবসর সময়কে কাজে লাগাতে কিছু নতুন করার চিন্তা থেকেই এই উদ্যোগ নেন। পরিবার থেকে মোটরসাইকেল কেনার সুযোগ থাকলেও তিনি নিজের আগ্রহে সীমিত সম্পদ ব্যবহার করে একটি গো-কার্ট তৈরি করেন।

বিজ্ঞাপন

গাড়িটি চালানোর পর প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকের প্রশংসা করে বলেন, দেশের তরুণদের এ ধরনের সৃজনশীল কাজে আরও বেশি করে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তিনি ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাসও দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD