সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার নির্ধারিত এ সফরে তিনি উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জনসভায় বক্তব্য রাখবেন।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা এলাকার জিয়া খাল খনন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করবেন। একই সঙ্গে যশোর মেডিকেল কলেজে নির্মিত ৫০০ শয্যার আধুনিক হাসপাতালের উদ্বোধনও তার কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। দিনশেষে শহরের ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় অংশ নিয়ে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনসভাস্থল এবং সফরসূচিতে অন্তর্ভুক্ত স্থানগুলোতে নেওয়া হয়েছে সাজসজ্জার উদ্যোগ। বিশেষ করে ঈদগাহ ময়দান ও শার্শার জিয়া খাল এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে বিভিন্ন স্থানে তৎপরতা বাড়িয়েছে, যাতে সফরকালীন সময় নির্বিঘ্নে সব কর্মসূচি সম্পন্ন করা যায়।
এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে যশোর অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে এবং বিভিন্ন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বিজ্ঞাপন
যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু বলেন, সফরের প্রতিটি কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। খাল খনন ও হাসপাতাল উদ্বোধনের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো এ অঞ্চলের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
উল্লেখ্য, দেশে ফেরার পর গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর সফর করেছিলেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর, যা স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।








