বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীদের বিচার হবে, প্রত্যাশা বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সরকার আশা করছে, দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। নিহতদের মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী জানান, এ ঘটনার পর থেকেই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, নিহতদের পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি কার্যক্রম ও ময়নাতদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। এ কাজে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও সহায়তা করছে।
অন্যদিকে নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির বিষয়ে খোঁজ-খবর অব্যাহত রয়েছে এবং তার ক্ষেত্রেও সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত সম্পন্ন করে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনবে।
এদিকে, বাংলাদেশ নিয়ে ভারতের একটি রাজনৈতিক দলের নেতাদের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকে, যা গুরুত্ব না দিয়ে দেশের মূল কাজেই মনোযোগ দেওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, হরমুজ প্রণালি অতিক্রমরত বাংলাদেশি জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে সরকার আশাবাদী। ‘জয়যাত্রা’সহ অন্যান্য জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেনেগাল ও অ্যাঙ্গোলার সঙ্গে জ্বালানি খাতে ভবিষ্যতে সহযোগিতার সুযোগ রয়েছে। এ বিষয়ে দ্বিপাক্ষিক যোগাযোগ আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।








