একযোগে ১৫ দপ্তর-সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার

একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক ১৫টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ কার্যকর করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদায়নের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ খাতে নতুন নেতৃত্ব নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন নিয়োগের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। একইভাবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান এখন ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমানকে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের রেজিস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যানও নিয়োগ দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল হাইকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান করা হয়েছে। অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই রদবদলের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।








