ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রকে নতুন দিগন্তের উন্মোচন করেছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) সংসদ ভবনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবসের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন তিনি।
আলোচনায় স্পিকার বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের মতপার্থক্য থাকলেও জাতীয় সংকট মোকাবিলায় সব পক্ষের সম্মিলিত উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত। এটি সংসদীয় গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখা, শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং সম্ভাব্য মুক্ত-বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সংসদে নারী সদস্যদের অংশগ্রহণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।
বিজ্ঞাপন
স্পিকার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং প্রতিনিধি দলের পারস্পরিক সফর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, প্রতিনিধি দলের সদস্যরা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








