ফুয়েল পাসে মোটরসাইকেলের পাশাপাশি যুক্ত হলো প্রাইভেটকার

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে সরকারের চালু করা ফুয়েল পাস সেবার আওতা আরও বিস্তৃত করা হয়েছে। এতদিন শুধুমাত্র মোটরসাইকেলের জন্য সীমাবদ্ধ থাকা এই সেবা এখন থেকে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে।
বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন থেকেই প্রাইভেটকারকে ফুয়েল পাসের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। এর ফলে এখন থেকে ব্যক্তিগত গাড়ির মালিকরাও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবেন।
প্রাথমিক ধাপে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজভুক্ত ব্যক্তিগত গাড়িগুলোকে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য সিরিজের গাড়িকেও এই ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত করা হবে, যাতে সব ধরনের ব্যক্তিগত যানবাহনই এই সেবার সুবিধা পেতে পারে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই রাজধানী ঢাকার সব ফিলিং স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম পুরোপুরি চালু করা হবে। তখন মোটরসাইকেলের পাশাপাশি প্রাইভেটকারও একই ব্যবস্থায় জ্বালানি নিতে পারবে।
এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অপচয় রোধ এবং সেবাপ্রাপ্তিতে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার কারণে ব্যবহারকারীদের জন্য প্রক্রিয়াটি সহজ ও দ্রুত হবে বলেও আশা করা হচ্ছে।








