দ্রুত স্থানীয় নির্বাচন ও নতুন দুই বিভাগ গঠনের সুপারিশ

দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের সুপারিশও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬)-এর প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি টেবিলে উত্থাপিত হয়।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে। ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ, ধর্মীয় উৎসব ও পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, ভোটকেন্দ্র নির্ধারণ ও সংস্কার এবং কর্মকর্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়। এ কারণে তফসিল ঘোষণার আগেই অন্তত ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন হয় বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
বিএনপির সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫)-এর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তিনি বলেন, দেড় লাখ ইভিএম কেনার জন্য ৩ হাজার ৮২৫ কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, যা ২০১৮ থেকে ২০২৪ মেয়াদে সম্পন্ন হয়। সেনাবাহিনীর মাধ্যমে কেনা এই প্রকল্পের বিষয়ে অডিট আপত্তি এবং দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান রয়েছে। বর্তমানে অব্যবহৃত ইভিএমগুলো বিভিন্ন গুদাম ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে সংরক্ষিত আছে।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২০২৪ সালের ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী ফরিদপুর বিভাগ ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে গঠিত হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে নেওয়া হবে।








