Logo

সংসদ সচিবালয় কমিশনে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ২০:৪২
সংসদ সচিবালয় কমিশনে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের ৩৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ২৯০ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

বৈঠকে সংসদ সচিবালয় কমিশনের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অংশ নেন। এছাড়া অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণিও সভায় যোগ দেন।

বিজ্ঞাপন

সভা শুরুর সময় আগের ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া বৈঠকের আলোচ্যসূচি উপস্থাপন করেন।

বাজেট অনুমোদনের পাশাপাশি সংসদ সচিবালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা এবং সেগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD