Logo

সৌদি আরবে পৌঁছেছেন ৪২৩৪২ বাংলাদেশি হজযাত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৭:৩১
সৌদি আরবে পৌঁছেছেন ৪২৩৪২ বাংলাদেশি হজযাত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪২ হাজার ৩৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১০৬টি ফ্লাইটের মাধ্যমে তারা জেদ্দায় অবতরণ করেছেন বলে জানিয়েছে হজ অফিস।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত হজ অফিসের তথ্য অনুযায়ী এই ফ্লাইটগুলো সম্পন্ন হয়েছে বলে জানান হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

চিকিৎসা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবের মেডিকেল টিম এখন পর্যন্ত ৮ হাজার ১৫ জন হজযাত্রীকে সরাসরি স্বাস্থ্যসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ২৪০ জন হজযাত্রী চিকিৎসা সংক্রান্ত সহায়তা পেয়েছেন।

হজ ব্যবস্থাপনা সম্পর্কে হজ অফিসের পরিচালক জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। পুরো কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি যুক্ত রয়েছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।

বিমান সংস্থাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৩৬ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইটে ১৪ হাজার ৮২০ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৪৮৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে গেছেন।

বিজ্ঞাপন

অবশিষ্ট ৩৬ হাজার ৪ জন হজযাত্রী পর্যায়ক্রমে বিভিন্ন নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানিয়েছে হজ কর্তৃপক্ষ।

এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। ওই ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট যাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এছাড়া ঢাকাস্থ সৌদি দূতাবাস এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৪৬টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন বাংলাদেশে পৌঁছানোর মাধ্যমে হজ ফিরতি কার্যক্রম সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD