আমাদের অবস্থান পরিষ্কার, দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। সেটি হলো, দুর্নীতির সঙ্গে আমরা কম্প্রোমাইজ করতে চাই না।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেলা প্রশাসকদের জনমুখী প্রশাসন গড়ে তুলতে হবে। সরকারি সেবা নিতে এসে মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দীর্ঘসূত্রতার শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।
বিজ্ঞাপন
কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য করতে হবে। কৃষিকে শুধু উৎপাদন খাত হিসেবে নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
জ্বালানি ব্যবস্থাপনায় নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেটসহ বিভিন্ন বাণিজ্যিক স্থানে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকতে হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মোবাইল কোর্টকে আরও কার্যকর ও নিয়মিত করার নির্দেশও দেন তিনি।
বিজ্ঞাপন
বাজার নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে কেউ ইচ্ছেমতো বাড়াতে না পারে, মজুদদারি বা সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করতে না পারে—সে বিষয়ে নিয়মিত তদারকি বাড়াতে হবে।
সরকারি সেবা প্রদানে অনিয়ম ও বিলম্বের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে বিষয়ে জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি মানবিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে খাদ্যে ভেজাল রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
বিজ্ঞাপন
তরুণদের সঠিক পথে রাখতে সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, এসব কার্যক্রম শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরজুড়ে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিত আয়োজনের নির্দেশও দেন তিনি।
ভালো কাজের স্বীকৃতির বিষয়েও ঘোষণা দিয়ে তিনি বলেন, সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি বা শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বৈষম্যহীন, প্রযুক্তিনির্ভর ও নৈতিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনই সরকারের লক্ষ্য। সমাজে পুরোপুরি বৈষম্য নির্মূল কঠিন হলেও তা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।
শেষে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ডিসি সম্মেলন ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।








