ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৬ মে ফ্লোরিডার টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা শনিবার (২ মে) স্থানীয় সময় ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকে গোলাম মোর্তোজা জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ৬ মে (বুধবার) দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের নিথর দেহ সোমবার দেশে ফিরছে। লিমনের মরদেহ দেশে আসার বিষয়ে গোলাম মোর্তোজা জানান, জাহিদ লিমনের মরদেহ আজ রাত ৯টা ৫০ মিনিটে এমিরাটসের ফ্লাইটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমান দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলি সাবরিন। তিনি পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন। মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে (সোমবার) সকাল ৮টা ৪০ মিনিটে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
একই সময়ে নিখোঁজ হন পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পরবর্তীতে গত রবিবার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।








