Logo

অপ-সাংবাদিকতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
৩ মে, ২০২৬, ১২:২২
অপ-সাংবাদিকতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ছবি: প্রতিনিধি

পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। তারা সাংবাদিকতার মানদণ্ড, দায়িত্বশীলতা এবং বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “আমরা যখন ভুল পথে চলতে যাই বা পা পিছলে যায়, তখন সাংবাদিকরাই আমাদের সেই ভুলগুলো ধরিয়ে দেন।” তিনি পাবনা প্রেসক্লাবের দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, বর্তমানে সাংবাদিকতার নামে ‘অপ-সাংবাদিকতা’ বেড়ে যাওয়ায় প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কিছু অনলাইন ও নামসর্বস্ব সাংবাদিকতার কারণে এ মহান পেশা প্রশ্নবিদ্ধ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “প্রকৃত সাংবাদিকদেরই সর্বপ্রথম এ অপ-শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদ প্রশাসক জহুরুল ইসলাম বিশু এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

এছাড়াও পাবনা প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ—বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, এবিএম ফজলুর রহমান, আখিনুর ইসলাম রেমন, উৎপল মির্জা, সিফাত রহমান সনম, এস এম আলাউদ্দিন এবং প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান স্বপনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD