Logo

পাঁচবারের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২ মে, ২০২৬, ২১:৩৯
পাঁচবারের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি চিরবিদায় নেন। তার মৃত্যুতে তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী শোকাহত।

মোসলেম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়ীয়া ও ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের প্রতিক্রিয়া দেখা গেছে।

বিজ্ঞাপন

তার ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম জানান, শনিবার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর রবিবার (৩ মে) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, বিকেল ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং বিকেল ৫টায় আলহাজ মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে আরও জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে তাকে উপজেলার নিউগী কুশমাইল এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দলীয় সূত্রে জানা যায়, মোসলেম উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

রাজনীতির পাশাপাশি তিনি পেশাগত জীবনে একজন আইনজীবী হিসেবে কাজ করেছেন। একই সঙ্গে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD