পুলিশে বড় রদবদল : একযোগে ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ডিআইজি (উপমহাপরিদর্শক) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থ বিবেচনায় এই অবসর প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
এর আগে গত ২২ এপ্রিলও পুলিশের ১১ জন ডিআইজি ও ২ জন অতিরিক্ত ডিআইজিকে একইভাবে অবসরে পাঠানো হয়েছিল। ধারাবাহিকভাবে এমন সিদ্ধান্তকে পুলিশ প্রশাসনে পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সর্বশেষ প্রজ্ঞাপনে যাদের অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন- অ্যান্টিটেররিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি (টিআর) সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক মো. হারুন-অর-রশীদ এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
এছাড়াও তালিকায় আছেন- নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার এবং হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম।
বিজ্ঞাপন
একই আদেশে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদকেও চাকরি থেকে অবসর দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।








